শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি
শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রোগীদের স্বজন ও স্থানীয় এলাকাবাসী। এ সময় হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানির অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীবরদী উত্তর বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগী ও তাঁদের স্বজনদের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক বিথী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলেন তাঁরা।
তাঁদের অভিযোগ, একপর্যায়ে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে চিকিৎসকদের পক্ষ থেকে মানববন্ধন ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তাঁরা।
এ ছাড়া সামান্য অসুস্থতা নিয়ে হাসপাতালে গেলেও যথাযথ চিকিৎসাসেবা না দিয়ে রোগীদের জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলেন, স্বাস্থ্যসেবা নিতে এসে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলন থেকে রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের বদলির আদেশ দ্রুত কার্যকরের দাবি জানানো হয়। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন উপজেলাবাসী বলে জানান তাঁরা।
অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনের অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, হাসপাতালের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করায় একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়েছে। নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ওই মহল তাঁর বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

