শরণখোলা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ছিল— “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”।
উপলক্ষে ৮ নভেম্বর-২০২৬ রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ রেজোয়ান ইফতেকার।
উপজেলা সমবায় অফিসার জনাব মোঃ জামিল হোসেন মোল্লা-র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোসাঃ রোকেয়া খানম ওসি শরণখোলা থানা। মোঃ কামরুল ইসলাম সভাপতি বিআরডিবি শরণখোলা উপজেলা। এছাড়া অনুষ্ঠানে শরণখোলা উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক, সাধারণ সদস্যবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর স্বাগত বক্তব্যে উপজেলা সমবায় অফিসার জনাব মোঃ জামিল হোসেন মোল্লা সমবায় খাতের সার্বিক অগ্রগতি এবং তৃণমূল পর্যায়ে এর গুরুত্ব তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজোয়ান ইফতেকার বলেন, “দেশের অর্থনৈতিক মুক্তি এবং বেকারত্ব দূরীকরণে সমবায়ের কোনো বিকল্প নেই। পারস্পরিক সহযোগিতা, সততা ও জবাবদিহিতার মাধ্যমেই কেবল একটি শক্তিশালী সমবায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব। বর্তমান সরকারের লক্ষ্য বাস্তবায়নে সমবায় আন্দোলনকে আরও গতিশীল ও বেগবান করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে মোঃ কামাল ইসলাম বলেন, “তৃণমূলের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে সমবায় সমিতিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমবায় খাতের সঠিক বিকাশ এবং স্বচ্ছতা বজায় রাখতে গণমাধ্যম সবসময় সহযোগিতা করে যাবে।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সমবায় সমিতির নেতৃবৃন্দ তাদের নিজ নিজ সমিতির কার্যক্রম তুলে ধরে বিভিন্ন মতামত ও সমস্যার কথা জানান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমবায়ীদের যেকোনো সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
পরিশেষে, দেশ ও জাতির কল্যাণ কামনা এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।