বাগেরহাটের শরণখোলা থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মোঃ মারুফ হোসেন। চলতি মাসেই দায়িত্ব নেওয়া এই কর্মকর্তাকে আজ ২৬ নভেম্বর রোজ বৃহস্পতিবার ফুল দিয়ে শুভেচ্ছা ও বরণ করে নিয়েছেন শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেবাশীষ বসাক। উল্লেখ্য, ইউএনও দেবাশীষ বসাকও চলতি মাসেই শরণখোলায় যোগদান করেছেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আয়োজিত এই সৌজন্য সাক্ষাতে দুই কর্মকর্তার মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় নতুন ওসি মোঃ মারুফ হোসেনকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান ইউএনও দেবাশীষ বসাক।
সাক্ষাৎকালে উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসন ও পুলিশের মধ্যে সমন্বয় জোরদার করার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। চলতি মাসে একই সময়ে দুজন গুরুত্বপূর্ণ দায়িত্বে আসায় শরণখোলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।