ফুলবাড়ীয়ায় স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক জসিম উদ্দিনের মিছিলে গণজোয়ার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১৫১ ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী, ঘোড়া প্রতীকের প্রার্থী অধ্যাপক মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
গণমিছিলে হাজারো উৎসুক ও ঐক্যবদ্ধ ফুলবাড়ীয়ার জনতা অংশগ্রহণ করে। এ সময় পুরো এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি হয় এবং সমর্থকদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
গণমিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক মোঃ জসিম উদ্দিন বলেন,আমি যদি আপনাদের ভোটে এমপি নির্বাচিত হতে পারি, তাহলে ফুলবাড়ীয়াকে চাঁদাবাজমুক্ত ও টেন্ডারবাজমুক্ত একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলবো। উন্নয়নের নামে জনগণের এক টাকাও অপচয় হতে দেব না। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সৎ রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করাই আমার লক্ষ্য।
তিনি আরও বলেন,ফুলবাড়ীয়ার সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করবো। কোনো ধরনের চাঁদাবাজি বা দুর্নীতির সঙ্গে আপস করা হবে না।
গণমিছিলে অংশগ্রহণকারীরা বলেন, অধ্যাপক জসিম উদ্দিন একজন সৎ, শিক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ। তাঁকে নির্বাচিত করা হলে ফুলবাড়ীয়ার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















