শ্রীবরদীর আশরাফুল হত্যার মূল আসামীকে আটক করেছে র্যাব -১৪
পূর্ব শত্রুতা ও জমি নিয়ে বিরোধের জের ধরে শেরপুরের শ্রীবরদীতে আশরাফুল ইসলাম (৩২) হত্যা মামলার মূল আসামি মোঃ শাহজাহান (৩৩) কে গ্রেফতার করেছে র্যাব-১৪।
০৪ সেপ্টেম্বর শুক্রবার রাতে র্যাব-১৪ (জামালপুর ক্যাম্প) ও র্যাব-১১ (কুমিল্লা ক্যাম্প)-এর যৌথ আভিযানিক দল কুমিল্লা জেলার দেবীদ্বার থানাধীন বড়শালঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শাহজাহান শেরপুর জেলার শ্রীবরদী থানার মাদারপুর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদারপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মো. শাহালমের পরিবারের সাথে আসামি শাহজাহান ও তার লোকজনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জেরে গত ১৬ মে রাতে আসামিরা বাদীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। পরবর্তীতে ১৮ মে সকালে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আশরাফুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। একই সাথে পরিবারের অন্য সদস্যদেরও পেটানো হয়। পরে গুরুতর আহত আশরাফুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের ভাই মো. শাহালম বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৮, তারিখ: ১৯ মে ২০২৬) দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামিরা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ০৪ সেপ্টেম্বর রাতে কুমিল্লা থেকে মূল আসামি শাহজাহানকে গ্রেফতার করা হয়। এর আগে গত ০২ জুলাই এ মামলার অন্যতম আসামি আবুল হাশেম সরকার (৫৫)-কে গাজীপুরের পুবাইলের মীরের বাজার থেকে গ্রেফতার করেছিল র্যাব।
গ্রেফতারকৃত মূল আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















