মাদকমুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: অধ্যক্ষ সিদ্দিকুর রহমান
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ১৩ নং ভবানীপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে জাগ্রত তরুণ সংঘের উদ্যোগে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে আলহাজ্ব সিদ্দিকুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় মুখোমুখি হয় জাগ্রত তরুণ সংঘ ও উরপা ইয়াং স্টার ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উরপা ইয়াং স্টার ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে জাগ্রত তরুণ সংঘ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব অধ্যক্ষ মোঃ সিদ্দিকুর রহমান বলেন,লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়তা করে। তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী হতে হবে। এ ধরনের আয়োজন যুবসমাজের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির পাশাপাশি নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। এ ক্ষেত্রে সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজক জাগ্রত তরুণ সংঘের এমন উদ্যোগকে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকরা স্বাগত জানান।

| ৯ নভেম্বর ২০২৬












