শেরপুরে সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
শেরপুর সদর উপজেলায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)-এর অভিযানে ১১ কেজি ৪৬০ গ্রাম গাঁজাসহ মোঃ জয়নাল আবেদীন (৪১) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ভোরে সদর উপজেলার ভাতশালা এলাকার ঢাকা-শেরপুর সড়কের হাজী ফিলিং স্টেশনের সামনের পাকা সড়কে এই অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৪, সিপিসি-১ (জামালপুর)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামের রৌমারীগামী যাত্রীবাহী বাস ‘নুর পরিবহন’-এ তল্লাশি চালানো হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়,
তল্লাশিকালে গাইবান্ধা জেলার বাসিন্দা মোঃ জয়নাল আবেদীন (৪১)-কে আটক করা হয়।
এসময় যাত্রীদের উপস্থিতিতে জয়নাল আবেদীনের দেওয়া তথ্য ও দেখানো মতে বাসের লকারে রাখা একটি ট্রলি ব্যাগ থেকে ১১ কেজি ৪৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়।
এসআরবি-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের অধিনায়ক মেজর লাবিদ আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে এসআরবি বাদী হয়ে শেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে এবং জব্দকৃত আলামতসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

| ২২ নভেম্বর ২০২৬







