| ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম:

শেরপুরে নিম্নমানের ধানবীজ রাস্তায় ফেলে কৃষকদের প্রতিবাদ, ক্ষতিপূরণ দাবি

শেরপুরে নিম্নমানের ধানবীজ রাস্তায় ফেলে কৃষকদের প্রতিবাদ, ক্ষতিপূরণ দাবি

শেরপুরে রাস্তায় নিম্নমানের ধানবীজ ফেলে প্রতিবাদ জানালো শতাধিক কৃষক। এঘটনায় শেরপুরের জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বরাবর স্মারক লিপি দিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

 

আজ ২৪ নভেম্বর দুপুরে শহরের নিউমার্কেট পায়রা চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে দেশের স্বনামধন্য বায়ার ক্রপসাইন্স কোম্পানি লি. এর এজেড ৬৪৫৩ এসটি জাতের হাইব্রিড ধানবীজ কিনে প্রতারিত হওয়ায় এ প্রতিবাদ সমাবেশ করেছে ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

 

কৃষকরা জানান, ভালো ও স্বনামধন্য নির্ভর যোগ্য বীজ মনে করে বায়ার ক্রপ সাইন্স কোম্পানি লি.  এর হাইব্রিড জাতের এ ধান বীজ প্রতি প্যাকেট ৬৬০ টাকা করে কিনে বীজ বপনের জন্য জাগ দিলে এতে বীজ কোন প্রকার অঙ্কুরিত না হয়ে ধান পঁচে যায়।

 

এতে বিপাকে পড়েছেন শত শত কৃষক।

 

এবিষয়ে খুচরা বীজ বিক্রেতারা জানান, এ কোম্পানির বীজ তারা বিশ্বাস করে দোকানে রেখে কৃষকদের মাঝে বিক্রি করেন। এখন আমরা খোঁজ নিয়ে জানতে পারি বাজারে এ বীজের দুটি ভ্যারিয়েন্ট ছাড়ে বায়ার কোম্পানি।এর একটি পার্শ্ববর্তী দেশ ভারতের অন্যটি আমাদের দেশীয় প্রজাতির। ভারতীয় ভেরিয়েন্ট বীজগুলো অঙ্কুরিত হলেও দেশীয় জাতের বীজগুলো পঁচে নষ্ট হয়ে যায়। এই প্রতারণার দায়ভার সম্পূর্ণ কোম্পানির উল্লেখ করে দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেন। এ সময় প্রায় শতাধিক স্থানীয় কৃষক ও বীজ বিক্রেতারা প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।

শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবি

শেরপুরে নিম্নমানের ধানবীজ রাস্তায় ফেলে কৃষকদের প্রতিবাদ, ক্ষতিপূরণ দাবি

শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের বদলির আদেশ দ্রুত বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী রোগীদের স্বজন ও স্থানীয় এলাকাবাসী। এ সময় হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে রোগীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানির অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তাঁরা।

 

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীবরদী উত্তর বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগী ও তাঁদের স্বজনদের বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক বিথী ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তোলেন তাঁরা।

 

তাঁদের অভিযোগ, একপর্যায়ে রেজাউল ইসলাম নামের এক ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়। পরবর্তীতে তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে চিকিৎসকদের পক্ষ থেকে মানববন্ধন ও মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তাঁরা।

এ ছাড়া সামান্য অসুস্থতা নিয়ে হাসপাতালে গেলেও যথাযথ চিকিৎসাসেবা না দিয়ে রোগীদের জেলা সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। এসব ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তাঁরা বলেন, স্বাস্থ্যসেবা নিতে এসে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে।

 

সংবাদ সম্মেলন থেকে রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের বদলির আদেশ দ্রুত কার্যকরের দাবি জানানো হয়। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিকবার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন উপজেলাবাসী বলে জানান তাঁরা।

 

অন্যদিকে, এসব অভিযোগ অস্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে আয়োজিত মানববন্ধন ও সংবাদ সম্মেলনের অভিযোগগুলো মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, হাসপাতালের উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করায় একটি স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়েছে। নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ওই মহল তাঁর বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

৯ বছর পর খালাস নালিতাবাড়ীর ইলিয়াস, চান রাষ্ট্রীয় পুনর্বাসন

শেরপুরে নিম্নমানের ধানবীজ রাস্তায় ফেলে কৃষকদের প্রতিবাদ, ক্ষতিপূরণ দাবি

শেরপুরের নালিতাবাড়ীর পুর্ব মানিককুড়া গ্রামের ইলিয়াস আহমেদ। তখন বয়স মাত্র ২০ বছর ১০ মাস ২৮ দিন। জীবনের সম্ভাবনাময় সেসময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয়। এরপর গোপন বন্দিশালা, কারাগার ও আদালতের বারান্দায় কেটেছে জীবনের দীর্ঘ সময়। প্রায় ৯ বছর পর আদালতের রায়ে নির্দোষ প্রমাণিত হয়ে তার মুক্তি মিলেছে আইনি দায় থেকে। গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিও তার অভিযোগের সত্যতা নিশ্চিত করে তালিকাভুক্ত করেছে। কিন্তু এত কিছুর পরও হারানো জীবন ফিরে পাওয়ার লড়াইয়ে রাষ্ট্রিয় সহযোগিতা পাননি তিনি।

মামলার নথিতে তার নাম মো. ইলিয়াছ আহম্মেদ। ১৯৯৬ সালের ৪ এপ্রিল জন্ম নেওয়া আমির আলীর ছেলে ইলিয়াসকে ২০১৭ সালের ৪ মার্চ গুম করা হয় বলে অভিযোগ রয়েছে। টানা ৮৮ দিন গোপন স্থানে আটকে রাখার পর ওই বছরের ৩১ মে ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলা নং ৪০(০৫)২০১৭, জি.আর. নং ২২৩/২০১৭।

 

সূত্র জানায়, ২০১৭ সালের ৩১ মে থেকে ২০২৬ সালের ২৬ এপ্রিল পর্যন্ত মোট ৩ হাজার ২৫২ দিন আইনি লড়াই চালাতে হয়েছে তাকে। অবশেষে ২০২৬ সালের ২৬ এপ্রিল বিচারিক আদালত সব অভিযোগ থেকে ইলিয়াসকে খালাস দেন।

 

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি তার অভিযোগ যাচাই-বাছাই শেষে গ্রহণ করে। কমিশনের স্মারক নম্বর গু.ক.ই-২.২০২৪-১০৫৭। তালিকায় তার ক্রমিক নম্বর ৩৯১ এবং নিবন্ধন নম্বর ১৮৩৪।

ভুক্তভোগী ইলিয়াস এ সাংবাদিকে জানান, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে গুম ও কারাবন্দি থাকায় তার শিক্ষাজীবন থেমে যায়। গোপন বন্দিশালায় শারীরিক ও মানসিক নির্যাতন এবং কারাবাসের ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন তিনি। দীর্ঘদিন মামলা চালাতে গিয়ে আর্থিকভাবে বিপর্যস্ত হয়েছে পরিবারও।

আক্ষেপ করে ইলিয়াস আরো বলেন, ‘আদালত আমাকে নির্দোষ ঘোষণা করেছেন, গুম কমিশনও আমাকে ভুক্তভোগী হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু আমার হারিয়ে যাওয়া ৯টি বছর, শিক্ষাজীবন আর সম্মান কে ফিরিয়ে দিবে? এখন পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সহযোগিতা বা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে।’

হারানো সম্মান ও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ চেয়ে সরকারের কাছে ৪টি দাবি জানিয়েছেন ইলিয়াস। আদালতের খালাসের আদেশ ও গুম কমিশনের স্বীকৃতির ভিত্তিতে সরকারি গেজেট প্রকাশ করে তার নিরপরাধের বিষয়টি স্বীকৃতি দেওয়া, গুম ও মিথ্যা মামলায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিচার নিশ্চিত করা, বন্দিদশা ও দীর্ঘ আইনি হয়রানির বিপরীতে আর্থিক ও সামাজিক ক্ষতিপূরণ দেওয়া এবং সম্মানজনক কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা করা।

 

মানবাধিকারকর্মীদের মতে, নিরপরাধ প্রমাণিত হওয়ার পর কেবল আইনি দায় থেকে মুক্তি দিলেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না। গুম, কারাবাস ও বিচারিক হয়রানিতে যাদের জীবনের মূল্যবান সময় নষ্ট হয়, তাদের ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ সৃষ্টি করাও জরুরি।

শেরপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, মামলা ৫ জনের বিরুদ্ধে

শেরপুরে নিম্নমানের ধানবীজ রাস্তায় ফেলে কৃষকদের প্রতিবাদ, ক্ষতিপূরণ দাবি

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই বাংলাদেশি কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার কর্ণজোড়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) একটি টহল দল তাদের আটক করে।

আটককৃতরা হলো, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের কৃষ্ণপদ দাসের ছেলে অপু চন্দ্র দাস (১৭) এবং একই উপজেলার মৌলভী গ্রামের শিপন জল দাসের ছেলে চন্দন জল দাস (১৩)।

বিজিবি সূত্র জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভারতে বসবাসরত তাদের চাচার কাছে শ্রমিক হিসেবে কাজ করার উদ্দেশ্যে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল। অর্থের বিনিময়ে তাদের ভারতে পার করে দেওয়ার চেষ্টায় স্থানীয় একটি দালাল চক্র জড়িত রয়েছে।

জড়িত দালালরা হলো— শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা গ্রামের নেহালের ছেলে মো. মামুন (২২), একই গ্রামের জয়নালের ছেলে মো. কালু মিয়া (৩৫) এবং চান্দাপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (২৫)।

এ ঘটনায় আটক দুই কিশোরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি, অবৈধভাবে ভারতে গমনে সহায়তাকারী স্থানীয় ওই তিন দালালকে পলাতক আসামি করে শ্রীবরদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও চোরাচালান রোধে বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে সব ধরনের অপরাধ দমনে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

×