শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা, স্যালাইন ও জনবল সংকটে ব্যাহত চিকিৎসা সেবা
উপকূলীয় ও দুর্যোগপ্রবণ শরণখোলা উপজেলার প্রায় দুই লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। কিন্তু সাম্প্রতিক সময়ে রোগীর মাত্রাতিরিক্ত চাপ, শয্যাসংকট, স্থানীয় বাজারে নরমাল স্যালাইনের ঘাটতি এবং জনবল সংকটে হাসপাতালটির চিকিৎসাসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।
হাসপাতাল ঘুরে দেখা গেছে, ৫০ শয্যার বিপরীতে বর্তমানে প্রায় দেড় শ রোগী ভর্তি রয়েছেন—যা অনুমোদিত সক্ষমতার প্রায় তিন গুণ। শয্যা না পেয়ে অনেক রোগীকে বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে।
রোগীর বর্তমান চিত্র (২৪ নভেম্বর): হাম: ৩০ জন
ডেঙ্গু: ১৮ জন, ডায়রিয়া: ১০ জন, অন্যান্য রোগ: ৭০ থেকে ৮০ জন, ডেঙ্গু, হাম ও ডায়রিয়ার মতো সংক্রামক ও পানিবাহিত রোগে আক্রান্ত রোগীরা কাছাকাছি বা একই পরিবেশে অবস্থান করায় সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্ক রোগীদের নিয়ে স্বজনেরা উদ্বেগে রয়েছেন।
রোগীর পাশাপাশি বিপুলসংখ্যক স্বজন হাসপাতালে অবস্থান করায় ভেতরের পরিবেশ আরও ঘিঞ্জি হয়ে উঠেছে। রোগী, স্বজন ও স্বাস্থ্যকর্মীদের চলাচলে বিঘ্ন ঘটছে। এ ছাড়া শৌচাগার ও গোসলখানার তীব্র সংকটও প্রকট। নারী ও পুরুষ রোগীদের একই শৌচাগার ব্যবহার করতে হওয়ায় দীর্ঘ অপেক্ষার পাশাপাশি গোপনীয়তা ও নিরাপত্তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।
ডেঙ্গু, হাম ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় নরমাল স্যালাইনের চাহিদা বাড়লেও গত প্রায় ১০ দিন ধরে উপজেলার ওষুধের দোকানগুলোতে এই স্যালাইন পাওয়া যাচ্ছে না।
পাঁচরাস্তা মোড়ের ওষুধ ব্যবসায়ী হুমায়ুন কবির তালুকদার, হাসপাতালের পাশের ব্যবসায়ী রিপন হাওলাদার এবং রায়েন্দা বাজারের শাহজাহান গাজী জানান, বিভিন্ন ওষুধ কোম্পানির সঙ্গে যোগাযোগ করেও চাহিদামতো স্যালাইন মিলছে না; সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোও ঘাটতির কথা বলছে।
বাজারে স্যালাইন না পেয়ে অনেক সাধারণ মানুষ ফিরে যেতে বাধ্য হচ্ছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নিজস্ব মজুত বা স্টকে নরমাল স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ রয়েছে।
চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতাকর্মীর ঘাটতি সেবাকে আরও চাপের মুখে ফেলেছে। নার্সিং সুপারভাইজার রেবা রাণী দেবনাথ জানান:
অনুমোদিত পদ ২২টি হলেও বর্তমানে ২ জন মাতৃত্বকালীন ছুটিতে এবং ৩ জন উচ্চশিক্ষার ছুটিতে রয়েছেন।
কর্মরত ১৭ জনের মধ্যে প্রতিদিন ৫ জনকে বহির্বিভাগ ও অন্যান্য দপ্তরে কাজ করতে হয়।
ফলে মাত্র ১২ জন নার্সকে বিপুলসংখ্যক ভর্তি রোগীর সেবা সামলাতে হচ্ছে।
“একজন নার্সকে একসঙ্গে অনেক রোগীর দেখাশোনা করতে হয়। পর্যাপ্ত জনবল না থাকায় রোগীদের প্রয়োজন অনুযায়ী সময় দেওয়া সম্ভব হচ্ছে না। অতিরিক্ত চাপের কারণে আমরাও শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছি।” — রেবা রাণী দেবনাথ, নার্সিং সুপারভাইজার
শরণখোলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস বলেন, “৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। বর্তমানে ডেঙ্গু, হাম ও ডায়রিয়া রোগীই ভর্তি আছেন অর্ধশতাধিক। অন্যান্য রোগী মিলিয়ে মোট সংখ্যা দেড় শ ছুঁই ছুঁই করছে। বাধ্য হয়ে তাদের বারান্দা ও মেঝেতে রাখতে হচ্ছে।”
তিনি আরও জানান, চিকিৎসক, নার্স, পরিচ্ছন্নাকর্মী ও অবকাঠামোগত ঘাটতির বিষয়টি নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কার্যকর সমাধান আসেনি। দ্রুত জনবল বৃদ্ধি, শয্যা ও অবকাঠামো সম্প্রসারণ এবং স্যানিটেশন ব্যবস্থা উন্নত না করলে চিকিৎসাসেবার মান ধরে রাখা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

| ২৫ নভেম্বর ২০২৬












