স্বপ্ন, প্রত্যাশা ও উন্নয়নের বার্তা অধ্যাপক জসিম উদ্দিনের সঙ্গে ফুলবাড়ীয়া সমিতির আলোচনা
ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহ কার্যালয়ে ময়মনসিংহ ৬ (ফুলবাড়ীয়া) আসনের নির্দলীয় প্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ অধ্যাপক মো. জসিম উদ্দিনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া সমিতি ময়মনসিংহের আহ্বায়ক এডভোকেট মাহবুবুর রশীদ তামান্না, সঞ্চালনায় করেন সমিতির সদস্য অধ্যাপক মো. কামরুজ্জামান।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের নির্দলীয় প্রার্থী অধ্যাপক মো. জসিম উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা অধ্যাপক আঃ হাকিম, আঃ লতিফ মিয়া, আব্দুল খালেক, আকরাম হোসেন চৌধুরী, অধ্যাপক মো. হেলাল উদ্দিন, অধ্যাপক শাহনূর মামুন, সমিতির সদস্য সচিব এডভোকেট মীর লুৎফর রহমান ফরহাদ, অধ্যাপক গোলাম মোস্তফা সুরুজসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় অধ্যাপক মো. জসিম উদ্দিন বলেন, ফুলবাড়ীয়া সমিতি আমার নিজের পরিবারের মতো। আপনারা যদি আমাকে সামান্য সহযোগিতা করেন, দিকনির্দেশনা ও পরামর্শ দেন তাহলে নির্বাচনের ফলাফল আরও ভালো হবে। আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য রাজনীতিতে এসেছি।
তিনি আরও বলেন,আমাদের শিক্ষকরা আমাদের স্বপ্ন দেখিয়েছেন। বিশেষ করে অধ্যাপক আব্দুল হাকিম স্যার আমাদের মধ্যে যে স্বপ্ন, নৈতিকতা আর মানবিকতার বীজ বপন করেছিলেন, সেটিই আমাকে আজ মানুষের জন্য কাজ করতে অনুপ্রাণিত করছে। ফুলবাড়ীয়ার শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করাই তার মূল লক্ষ্য। তিনি সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















