ফুলবাড়িয়ায় বাসে দুর্বৃত্তের আগুন, দগ্ধ বাসচালক পুড়ে আঙ্গার
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভালুকজান একাকার পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তের দেওয়া আগুনে দগ্ধ হয়ে জুলহাস মিয়া নামে এক চালক পুড়ে নিহত হয়েছেন। চালকের বাড়ি উপজেলার কৈয়ারচালা গ্রামে। নিহত চালকের বয়স (৩৫)। এই ঘটনায় আরও দুই যাত্রী আগুনে পুড়ে আহত হয়েছেন। আহত যাত্রীদয় মো.বাদশা (২০), ও তার মা শারমিন সুলতানা রুমকি (৪০) দগ্ধ হন। আহত যাত্রীদের বাড়ি একই উপজেলার চক রাধাকানাই গ্রামে।
জানা গেছে, ফুলবাড়িয়া থেকে ঢাকা গামী একটি আলম এশিয়া বাস, ঢাকা থেকে মধ্যরাতে ফুলবাড়িয়ায় আসে। পরে ফুলবাড়িয়ার পৌর ভালুকজান এলাকায় পেট্রোল পাম্পের পাশে ভোর হবার অপেক্ষায় দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকা বাসে ক্লান্তচালক সিটেই ঘুমিয়ে যান। সেই সাথে বাসে দুই যাত্রী মা ও ছেলে ভোরের অপেক্ষায় রাত কাটান। সেখানে হঠাৎ দুর্বৃত্তদের দেওয়া আগুনে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় নিহত ব্যক্তি বাসের চালক বলে ধারণা করা হয়েছে।
ফুলবাড়িয়া ফায়ার স্টেশনের অতিরিক্ত ইন্সপেক্টর ইয়াসিন ইকবাল বলেন, ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে, পরে নিহত চালকের লাশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, মধ্যরাতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা৷ এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬


















