সাধারণ মানুষের দুয়ারে অধ্যাপক জসিম উদ্দিন, ভোটারদের উচ্ছ্বাস
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫১ ময়মনসিংহ -৬ (ফুলবাড়ীয়া) আসনের নির্দলীয় প্রার্থী অধ্যাপক মো.জসিম উদ্দিন রাধাকানাই বাজার ও আশপাশের এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে তিনি রাধাকানাই বাজারে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
গণসংযোগকালে কোনো নেতাকর্মী ছাড়াই তিনি একাই গাড়ি নিয়ে বাজারে পৌঁছান। হঠাৎ করে প্রিয় ‘জসিম স্যার’কে সামনে পেয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাধাকানাই ইউনিয়ন উন্নয়ন থেকে বঞ্চিত ও অবহেলিত। কেউ এই এলাকার মানুষের দুঃখ-দুর্দশা দেখেনি। অধ্যাপক জসিম উদ্দিনের উপস্থিতিতে এলাকাবাসী নতুন করে আশার আলো দেখছেন বলে জানান তারা।
গণসংযোগকালে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে অধ্যাপক জসিম উদ্দিন বলেন, আমি রাজনীতি করতে নয়, মানুষের পাশে দাঁড়াতে এসেছি। এই এলাকার অবহেলিত মানুষের অধিকার আদায়ে আমি আজীবন লড়াই করে যাব।
রাধাকানাই বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার পাশে দাঁড়িয়ে সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















