বিশেষ অভিযানে ম্যানগ্রোভ শিল্ডে আটক কুখ্যাত ডাকাত মেজ জাহাঙ্গীর
সুন্দরবনে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এ কুখ্যাত বনদস্যু বাহিনীর প্রধান মোঃ জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীরকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (১২ মে ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন এলাকায় সক্রিয় বনদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। এর অংশ হিসেবে কোস্ট গার্ডের নেতৃত্বে “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে সুন্দরবনের শিবসা নদীর আদাচাই ফরেস্ট অফিস সংলগ্ন কালীর খাল এলাকায় অবস্থান করছে কুখ্যাত ডাকাত মেজ জাহাঙ্গীর বাহিনী। পরে মঙ্গলবার রাত ১টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার সদস্যরা সেখানে বিশেষ অভিযান চালায়।
অভিযানে মেজ জাহাঙ্গীরকে ২টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ আটক করা হয়।
আটক জাহিদুল ইসলাম ওরফে মেজ জাহাঙ্গীর (৫৬) নড়াইল জেলার নড়াগাতী থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় ডাকাতি, জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে কোস্ট গার্ড।
জব্দ অস্ত্র, গোলাবারুদ ও আটক দস্যুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড আরও জানিয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ব্রিফিং প্রদান করেন লেফটেন্যান্ট ইকরা মোহাম্মদ নাসিফ (এক্স), বিএন, নির্বাহী কর্মকর্তা, বিসিজিএস তৌহিদ।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















