| ১৭ নভেম্বর ২০২৬
শিরোনাম:

তিন বছরেও শেষ হয়নি মৃগী নদীর উপর খড়িয়া ব্রিজের কাজ: চরম ভোগান্তিতে ১০ হাজার মানুষ

তিন বছরেও শেষ হয়নি মৃগী নদীর উপর খড়িয়া ব্রিজের কাজ: চরম ভোগান্তিতে ১০ হাজার মানুষ

শেরপুরের সীমান্তবর্তী শ্রীবরদী উপজেলার খড়িয়াকাজির চর ইউনিয়নের ‘উত্তর খাড়িয়া আরএইচডি–দক্ষিণ খাড়িয়া’ সড়কে মৃগী নদীর ওপর সেতু নির্মাণকাজ ৩ বছরেও শেষ হয়নি। একদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি, অন্যদিকে রাজনৈতিক পটপরিবর্তন ও সাম্প্রতিক পাহাড়ি ঢলে সাময়িক কাঠের সাঁকোটি ভেসে যাওয়ায় বর্তমানে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন উত্তর ও দক্ষিণ খড়িয়াসহ আশেপাশের কয়েকটি গ্রামের প্রায় ১০ হাজার বাসিন্দা।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, পুরোনো একটি সেতু ভেঙে পড়ার পর ২০২৩ সালের জুলাই মাসে প্রায় ৩ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ৫৭ মিটারের নতুন আরসিসি গার্ডার সেতুটির নির্মাণকাজ শুরু করে চট্টগ্রামের ‘মেসার্স মোহাম্মদ ইউনুস এন্ড ব্রাদার্স (প্রাঃ) লিঃ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী ২০২৪ সালের জুলাইয়ে কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা হয়নি। স্থানীয়দের অভিযোগ, দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর কাজ ফেলে রেখে চলে যান সংশ্লিষ্ট ঠিকাদার।

 

এদিকে, মূল সেতুর পাশ দিয়ে চলাচলের জন্য একটি বিকল্প কাঠের সাঁকো তৈরি করা হয়েছিল। তবে সাম্প্রতিক পাহাড়ি ঢল ও প্রবল বর্ষণে সেই সাঁকোটিও ভেসে যায়। এতে করে ওই অঞ্চলের কৃষি পণ্য পরিবহনে স্থবিরতা নেমে এসেছে এবং চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা।

স্থানীয় কৃষক ও বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, তিন বছর ধরে সেতু না থাকায় তারা কার্যত বন্দি জীবনযাপন করছেন। খেতের ফসল হাটে নেওয়া কিংবা সন্তানদের স্কুলে পাঠানো অসম্ভব হয়ে পড়েছে। দ্রুত সেতুটি নির্মাণের জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানান তারা।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি রনকের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্য করতে চাননি।

 

তবে শ্রীবরদী উপজেলা এলজিইডি প্রকৌশলী মশিউর রহমান জানান, আবহাওয়া ও সাম্প্রতিক পাহাড়ি ঢলের কারণে কাজটি বিলম্বিত হয়েছে। ব্রিজের উপরিভাগের ঢালাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় পাহাড়ি ঢল আসায় কাজ আটকায়। ভেঙে যাওয়া বিকল্প কাঠের সাঁকোটি দ্রুত মেরামতের জন্য লোক পাঠানো হয়েছে এবং আবহাওয়া অনুকূলে আসলেই ব্রিজের কাজ শুরু হবে।

 

ভোগান্তি থেকে মুক্তি পেতে সাময়িক কাঠের সাঁকো মেরামতের পাশাপাশি মূল সেতুর কাজ দ্রুত শেষ করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

শেখ ফয়জুর রহমান এর কবিতা ‘খবর নেই’

তিন বছরেও শেষ হয়নি মৃগী নদীর উপর খড়িয়া ব্রিজের কাজ: চরম ভোগান্তিতে ১০ হাজার মানুষ

দেখা দিলে ফুল

অদেখায় মরে যায় সাধু !

প্রজাপতি হয়ে মধু নিলে

দুঃখ তবে কার ?

চাতক আকাশ নয়

মূলত বৃষ্টি প্রত্যাশী

 

এই হাল্কা ভাজা বিকেল

কত যে রোদ দেখাতো

এখন চুপসে যাওয়া বেলুন;

সার্কাস দল সেজে আছে

ওর ফুলে ওঠার খবর নেই!

সান্তাহার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজু গ্রেপ্তার

তিন বছরেও শেষ হয়নি মৃগী নদীর উপর খড়িয়া ব্রিজের কাজ: চরম ভোগান্তিতে ১০ হাজার মানুষ

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত আসামি ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহরিয়ার সাজুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাজু তারাপুর গ্রামের আফসার আলী প্রামাণিকের ছেলে। শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টায় সান্তাহার পৌর শহরের তারাপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কালে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল, সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত ও দলবদ্ধ হয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ, চেয়ার, আলমারী ও ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট আওয়ামীলীগের নেতা-কর্মীদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা দায়ের হয়। পুলিশ এ মামলা তদন্ত করে সান্তাহার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহরিয়ার সাজুকে গ্রেপ্তার করেন।

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক খবরপত্রের নালিতাবাড়ী প্রতিনিধি আল আমিন অজ্ঞান পার্টির খপ্পরে : মোবাইল ও নগদ টাকা নিয়ে মুক্তি

তিন বছরেও শেষ হয়নি মৃগী নদীর উপর খড়িয়া ব্রিজের কাজ: চরম ভোগান্তিতে ১০ হাজার মানুষ

শেরপুরের নালিতাবাড়ী থেকে চিকিৎসার উদ্দেশ্যে ময়মনসিংহে গিয়ে অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন দৈনিক খবরপত্র পত্রিকার নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি আল আমিন। তাঁর দাবি, অচেতন করে তাঁকে ময়মনসিংহের সানকিপাড়া এলাকার গোয়ালিকান্দায় নিয়ে জিম্মি করা হয়।

 

সেখানে তাঁর কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে নগদ ও বিকাশের মাধ্যমে টাকা আদায়ের পাশাপাশি শারীরিক নির্যাতন করে তাঁর মোবাইল ফোন, সিমকার্ডসহ ব্যক্তিগত মালামাল নিয়ে নেওয়া হয়। পরে তিনি সেখান থেকে ফিরে আসতে সক্ষম হন।

 

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়ে এসব অভিযোগ করেন আল আমিন। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগার গ্রামের বাসিন্দা।

 

আল আমিন, ফেসবুক পোস্টে

লিখেন গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) চিকিৎসার উদ্দেশ্যে সকাল ১১টার দিকে তিনি ময়মনসিংহের উদ্দেশে রওনা হন। পথে একটি ট্রাক থেকে নেমে যান তিনি। পরে যানজটের কারণে হেঁটে একটি ব্রিজ পার হওয়ার সময় এক হকারের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এরপর ব্রিজের শেষ প্রান্ত থেকে একটি অটোতে ওঠেন।

 

তাঁর ভাষ্য অনুযায়ী, অটোতে ওঠার প্রায় এক মিনিট পর মোটরসাইকেলে আসা তিন যুবক ওই অটোতে ওঠেন। কিছুক্ষণ পর তাঁদের একজন টিস্যুজাতীয় একটি বস্তু তাঁর নাকের সামনে ঝাঁকিয়ে দেন। এরপর কী ঘটেছে, তা আর বুঝতে পারেননি তিনি।

 

পরে কিছুটা স্বাভাবিক হওয়ার পর স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারেন, তাঁকে ময়মনসিংহের সানকিপাড়া এলাকার গোয়ালিকান্দায় নেওয়া হয়েছিল।

 

আল আমিনের অভিযোগ, সেখানে তাঁকে জিম্মি করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিস্থিতি সামাল দিতে নিজের কাছে থাকা টাকা এবং পরিচিত এক ব্যক্তির কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা সংগ্রহ করে দিতে বাধ্য হন তিনি। এরপরও তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

 

এ সময় তাঁর একটি মটোরোলা স্মার্টফোন, একটি সিম্ফনি বাটন ফোন এবং চারটি সিমকার্ডসহ ব্যক্তিগত মালামাল নিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে প্রায় ৫৫ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

 

ফেসবুক পোস্টে আল আমিন আরও জানান, বিকাশ ও নগদের একাধিক লেনদেনের স্ক্রিনশট, ট্রানজেকশন আইডি এবং সংশ্লিষ্ট এলাকার অবস্থান-সংক্রান্ত ছবি তাঁর কাছে সংরক্ষিত রয়েছে। প্রয়োজনে এসব তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরবরাহ করবেন।

 

এদিকে, তাঁর মোবাইল ফোন ও সিমকার্ড অন্যদের হাতে চলে যাওয়ায় তাঁর পরিচয়ে কেউ আর্থিক সহায়তা চাইতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এ কারণে তাঁর পরিচয়ে কেউ বিকাশ বা নগদের মাধ্যমে টাকা চাইলে যাচাই-বাছাই ছাড়া কাউকে টাকা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

 

সাংবাদিক আল আমিন প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

×