| ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম:

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে খাদ্য পরীক্ষা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ লঙ্ঘনের দায়ে একটি হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

 

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত শেরপুর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় অবস্থিত ‘গ্যানেন গোপাল হোটেল সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে’ এ অভিযান পরিচালনা করা হয়।

বগুড়ার জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসন, শেরপুরের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন।

 

অভিযানকালে হোটেলটিতে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রান্নাঘরে গরুর শুকনা গোবর সংরক্ষণের স্থানে পরোটার ময়দার খামির তৈরি, ওয়াশরুমের দরজার পাশে বসে খাবারের প্লেট পরিষ্কার এবং অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত খাদ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।

এছাড়া ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা, পোড়া তেলে খাবার তৈরি এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও অভিযানে উঠে আসে।

 

এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। পাশাপাশি এসব বিষয়ে প্রতিষ্ঠানের মালিকের কাছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় থেকে ব্যাখ্যা তলব করা হয়েছে।

 

অভিযানে উপস্থিত ছিলেন বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেল, শেরপুরের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার, নমুনা সংগ্রহ সহকারী মোঃ মামুনুর রশিদসহ অন্যান্য সাপোর্ট স্টাফ।

 

এ সময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে শেরপুর থানা পুলিশের একটি দল।

 

অভিযান শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে সরকারের প্রচলিত আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

শেরপুরে নিষিদ্ধ ঘোষিত আ.লীগ নেতা গ্রেপ্তার

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

শেরপুরে বিশেষ ক্ষমতা আইনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মাসুদ রানা (৪৫)। তিনি ভাতশালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বলে জানা গেছে। পেশায় তিনি একজন পল্লিচিকিৎসক।

 

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় শেরপুর সদর উপজেলার কানাশাখোলা বাজারে তাঁর নিজস্ব দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ জানায়, গ্রেপ্তার মাসুদ রানা শেরপুর সদর উপজেলার ছনকান্দা ইউনিয়নের বাসিন্দা। তিনি মৃত আশরাফুল ও মনোয়ারা বেগমের ছেলে।

 

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

আদমদীঘিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার, সাইবার সুরক্ষা আইনে মামলা

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ার আদমদীঘিতে সাইবার সুরক্ষা আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবু রেজা খান (৫৭) এবং চাঁপাপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন।

 

 

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা সাকিব আল হাসানের নেতৃত্বে আদমদীঘির তালশন কালীবাড়ি মোড় এলাকার একটি চায়ের দোকানের পেছনে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী সমবেত হন। এ ঘটনায় ২১ জুন আদমদীঘি থানায় সাইবার সুরক্ষা আইনে ৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

 

 

পুলিশের দাবি, সমবেত নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড, মহাসড়কে যানবাহন ভাঙচুর, সড়কের ক্ষতিসাধন এবং সরকারি স্থাপনা বিনষ্ট করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই সময় সাকিব আল হাসানকে ১৫ ফুট দীর্ঘ একটি ব্যানারসহ গ্রেপ্তার করা হয়।

 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুরে গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শেরপুরে ধর্ষণের ঘটনায় কিশোরী অন্তঃসত্ত্বা : অভিযুক্ত আটক

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা

শেরপুরের নকলার পাঠাকাটা ইউনিয়নের বহরদী গ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের ফলে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা করার অভিযোগে থানায় মামলা দায়ের করেছে ভিকটিমের বাবা।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ মার্চ ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪টার দিকে নকলা থানার পাঁচকাহনিয়া গ্রামের অভিযুক্ত মো. উসমান মিয়ার উত্তর দুয়ারী চৌচালা টিনের বসতঘরের ভেতরে ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক এই ধর্ষণের ঘটনা ঘটে।

এঘটনায় ভিকটিমের বাবা মো. কামাল হোসেন (৪৩) বাদী নকলা থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মো. উসমান মিয়া (৬০) একই এলাকার পাঁচকাহনিয়া গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে। মামলার পরপরই অভিযুক্ত উসমান মিয়াকে আটক করেছে নকলা থানা পুলিশ।

 

ভিকটিমের বাবা জানান, তার ১৩ বছর বয়সী কন্যা বর্তমানে ৩১ সপ্তাহ ২ দিনের অন্তঃসত্ত্বা। তাদের বাড়ি শেরপুর জেলার নকলা উপজেলার ৬নং পাঠাকাটা ইউনিয়নের বহরদী গ্রামে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ জানান,বর্তমানে পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে এঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

×