শেরপুর সদর হাসপাতালে মেডিকেল টেকনিশিয়ানকে ছুরিকাঘাত: মূল অভিযুক্ত আরাফাত গ্রেপ্তার
শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে কর্তব্যরত মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত আরাফাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পুরাতন হাসপাতাল গেইট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার হাসপাতালের ভেতরে নিজ দায়িত্ব পালনকালে মেডিকেল টেকনিশিয়ান হুমায়ুন কবিরের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযুক্ত আরাফাত ধারালো খুর বা ছুরি দিয়ে তার ওপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। ঘটনার পর থেকেই অভিযুক্তকে ধরতে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনী।
শেরপুর জেলা পুলিশের মিডিয়া সেল আজ রবিবার (৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। জেলা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত অভিযুক্তের বিরুদ্ধে শেরপুর সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















