| ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম:

আদমদীঘিতে জিনের বাদশা পরিচয়ে প্রতারণা, চক্রের এক সদস্য গ্রেপ্তার

আদমদীঘিতে জিনের বাদশা পরিচয়ে প্রতারণা, চক্রের এক সদস্য গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে জিনের বাদশা পরিচয়ে স্বর্ণের মূর্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মজনু মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে আদমদীঘি উপজেলা পরিষদ মসজিদের পেছন থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মজনু মিয়া গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

 

 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর রাত ২টার দিকে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম বাগিচাপাড়া এলাকার আজাহার আলী মোল্লার স্ত্রীর মোবাইল ফোনে কল আসে। এ সময় অপর প্রান্ত থেকে নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে তার স্বামীর সঙ্গে কথা বলতে চায় প্রতারক। পরে আজাহার আলী ফোনে কথা বললে তাকে স্বর্ণের মূর্তি দেওয়ার প্রলোভন দেখানো হয়।

 

 

এ জন্য পবিত্র কোরআন শরিফ ও জায়নামাজ কেনার কথা বলে প্রথমে বিকাশের মাধ্যমে ২ হাজার ৫৫০ টাকা নেওয়া হয়। এরপর উট কোরবানি দেওয়ার অজুহাতে আরও টাকা দাবি করে তাকে আদমদীঘি উপজেলা পরিষদ মসজিদের পেছনে একটি কড়ইগাছের নিচে টাকা নিয়ে আসতে বলা হয়।

 

 

পরিকল্পনা অনুযায়ী, গত ১২ নভেম্বর বিকেল ৪টার দিকে আজাহার আলী সেখানে ১ লাখ ২৫ হাজার টাকা নিয়ে যান। এ সময় কথিত জিনের বাদশা পরিচয় দেওয়া মজনু মিয়া কৌশলে তার কাছ থেকে আরও টাকা নিয়ে মোট ১ লাখ ২৮ হাজার টাকা হাতিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

 

টাকা নেওয়ার পর প্রতারকরা কাগজে মোড়ানো একটি পুতুল দিয়ে জানায়, কোরবানির ঈদের আগে সেটি খোলা যাবে না। খুললে স্বর্ণালংকার পাওয়া যাবে না বলেও জানানো হয়। পরে আরও টাকা দাবি করে আজাহার আলীকে স্ত্রীর স্বর্ণালংকার নিয়ে আসতে বলা হয়।

 

 

এতে সন্দেহ হলে আজাহার আলী বিষয়টি তার বন্ধুদের জানান। পরে শনিবার (১৪ নভেম্বর) বিকেলে মজনু মিয়া অবশিষ্ট টাকা নেওয়ার জন্য আবারও আদমদীঘিতে এলে আজাহার আলী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

 

 

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় মজনু মিয়াসহ তিনজনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা হয়েছে। রোববার দুপুরে গ্রেপ্তার মজনু মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।

সান্তাহার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজু গ্রেপ্তার

আদমদীঘিতে জিনের বাদশা পরিচয়ে প্রতারণা, চক্রের এক সদস্য গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলার তদন্তে প্রাপ্ত আসামি ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহরিয়ার সাজুকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সাজু তারাপুর গ্রামের আফসার আলী প্রামাণিকের ছেলে। শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১১টায় সান্তাহার পৌর শহরের তারাপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কালে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল, সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত ও দলবদ্ধ হয়ে উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে হামলা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিতে অগ্নিসংযোগ, চেয়ার, আলমারী ও ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট আওয়ামীলীগের নেতা-কর্মীদের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা দায়ের হয়। পুলিশ এ মামলা তদন্ত করে সান্তাহার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহরিয়ার সাজুকে গ্রেপ্তার করেন।

 

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দৈনিক খবরপত্রের নালিতাবাড়ী প্রতিনিধি আল আমিন অজ্ঞান পার্টির খপ্পরে : মোবাইল ও নগদ টাকা নিয়ে মুক্তি

আদমদীঘিতে জিনের বাদশা পরিচয়ে প্রতারণা, চক্রের এক সদস্য গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ী থেকে চিকিৎসার উদ্দেশ্যে ময়মনসিংহে গিয়ে অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন দৈনিক খবরপত্র পত্রিকার নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি আল আমিন। তাঁর দাবি, অচেতন করে তাঁকে ময়মনসিংহের সানকিপাড়া এলাকার গোয়ালিকান্দায় নিয়ে জিম্মি করা হয়।

 

সেখানে তাঁর কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে নগদ ও বিকাশের মাধ্যমে টাকা আদায়ের পাশাপাশি শারীরিক নির্যাতন করে তাঁর মোবাইল ফোন, সিমকার্ডসহ ব্যক্তিগত মালামাল নিয়ে নেওয়া হয়। পরে তিনি সেখান থেকে ফিরে আসতে সক্ষম হন।

 

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়ে এসব অভিযোগ করেন আল আমিন। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের হাতিপাগার গ্রামের বাসিন্দা।

 

আল আমিন, ফেসবুক পোস্টে

লিখেন গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) চিকিৎসার উদ্দেশ্যে সকাল ১১টার দিকে তিনি ময়মনসিংহের উদ্দেশে রওনা হন। পথে একটি ট্রাক থেকে নেমে যান তিনি। পরে যানজটের কারণে হেঁটে একটি ব্রিজ পার হওয়ার সময় এক হকারের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এরপর ব্রিজের শেষ প্রান্ত থেকে একটি অটোতে ওঠেন।

 

তাঁর ভাষ্য অনুযায়ী, অটোতে ওঠার প্রায় এক মিনিট পর মোটরসাইকেলে আসা তিন যুবক ওই অটোতে ওঠেন। কিছুক্ষণ পর তাঁদের একজন টিস্যুজাতীয় একটি বস্তু তাঁর নাকের সামনে ঝাঁকিয়ে দেন। এরপর কী ঘটেছে, তা আর বুঝতে পারেননি তিনি।

 

পরে কিছুটা স্বাভাবিক হওয়ার পর স্থানীয় লোকজনের কাছ থেকে জানতে পারেন, তাঁকে ময়মনসিংহের সানকিপাড়া এলাকার গোয়ালিকান্দায় নেওয়া হয়েছিল।

 

আল আমিনের অভিযোগ, সেখানে তাঁকে জিম্মি করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিস্থিতি সামাল দিতে নিজের কাছে থাকা টাকা এবং পরিচিত এক ব্যক্তির কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা সংগ্রহ করে দিতে বাধ্য হন তিনি। এরপরও তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

 

এ সময় তাঁর একটি মটোরোলা স্মার্টফোন, একটি সিম্ফনি বাটন ফোন এবং চারটি সিমকার্ডসহ ব্যক্তিগত মালামাল নিয়ে নেওয়া হয়। সব মিলিয়ে প্রায় ৫৫ হাজার টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

 

ফেসবুক পোস্টে আল আমিন আরও জানান, বিকাশ ও নগদের একাধিক লেনদেনের স্ক্রিনশট, ট্রানজেকশন আইডি এবং সংশ্লিষ্ট এলাকার অবস্থান-সংক্রান্ত ছবি তাঁর কাছে সংরক্ষিত রয়েছে। প্রয়োজনে এসব তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরবরাহ করবেন।

 

এদিকে, তাঁর মোবাইল ফোন ও সিমকার্ড অন্যদের হাতে চলে যাওয়ায় তাঁর পরিচয়ে কেউ আর্থিক সহায়তা চাইতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এ কারণে তাঁর পরিচয়ে কেউ বিকাশ বা নগদের মাধ্যমে টাকা চাইলে যাচাই-বাছাই ছাড়া কাউকে টাকা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

 

সাংবাদিক আল আমিন প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

আদমদীঘিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু

আদমদীঘিতে জিনের বাদশা পরিচয়ে প্রতারণা, চক্রের এক সদস্য গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে ছিনতাইকারীদের হামলার শিকার হয়ে সোলায়মান আলী (৬০) নামে এক অটোরিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার সান্তাহার-ছাতিয়ানগ্রাম সড়কের হেমতখালী এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত সোলায়মান আলী সান্তাহার পৌর শহরের বশিপুর সরদারপাড়া মহল্লার বাসিন্দা। তিনি মৃত ওসমান আলীর ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে সোলায়মান আলী অটোরিকশা নিয়ে নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রাম থেকে সান্তাহারের উদ্দেশ্যে রওনা হন। পথে হেমতখালী এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তাঁর গতিরোধ করে। এ সময় তারা অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সোলায়মান বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে দুর্বৃত্তরা তাঁকে বেধড়ক মারধর করে এবং একপর্যায়ে ছুরিকাঘাত করে। পরে অটোরিকশাটি ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

 

সোলায়মানের চিৎকার শুনে স্থানীয় গ্রামবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামিরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

×