শেরপুরে প্রথমবারের মতো নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে শেরপুরে প্রথমবারের মতো নারীদের মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই দৌড় প্রতিযোগিতায় কিশোরী, তরুণীসহ বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার পাঁচ শতাধিক নারী অংশগ্রহণ করেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম থেকে ম্যারাথনটি শুরু হয়। প্রায় ৫ কিলোমিটার পথ অতিক্রম করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে (ডিসি উদ্যান চত্বর) গিয়ে দৌড়টি শেষ হয়।

সকাল থেকেই অংশগ্রহণকারী নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে স্টেডিয়াম ও ডিসি উদ্যান চত্বর মুখরিত হয়ে ওঠে। প্রতিযোগীদের জন্য আয়োজকদের পক্ষ থেকে জার্সি ও খাবারের ব্যবস্থা করা হয়। দৌড় শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে বাইসাইকেল তুলে দেওয়া হয়।
অংশগ্রহণকারী নারীরা জানান, সুস্থ থাকতে সব বয়সী মানুষের জন্য দৌড় ও শরীরচর্চার বিকল্প নেই। প্রথমবারের মতো এমন আয়োজনে অংশ নিতে পেরে তারা অত্যন্ত উচ্ছ্বসিত এবং প্রতি বছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।
অনুষ্ঠানে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, এ ধরনের আয়োজন নারীদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন জানান, নারীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং সুস্থ জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রতি বছর এমন আয়োজন করার আশ্বাস দেন তিনি।
ম্যারাথনটি সফল করতে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

| ২৮ নভেম্বর ২০২৬












