
বাগেরহাটের শরণখোলায় বেকার যুবকদের কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণের লোভ দেখিয়ে অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক মো. রুহুল কুদ্দুসের বিরুদ্ধে এই প্রতারণার মূল হোতা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। টাকা নেওয়ার দীর্ঘ তিন মাস পেরিয়ে গেলেও কোনো প্রশিক্ষণ কার্যক্রম শুরু না করে অভিযুক্ত ওই কর্মকর্তা বর্তমানে আত্মগোপনে রয়েছেন।
স্থানীয় ভুক্তভোগী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর দাখিল করা লিখিত অভিযোগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
অনুসন্ধানে জানা যায়, শরণখোলা উপজেলার বিভিন্ন এলাকার সহজ-সরল বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কারিগরি বিষয়ে দক্ষ করে তোলার লোভনীয় প্রতিশ্রুতি দেন মো. রুহুল কুদ্দুস। নিজেকে সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক হিসেবে পরিচয় দিয়ে তিনি স্থানীয় যুবক-যুবতীদের বিশ্বাস অর্জন করেন। তিন মাস মেয়াদি এই প্রশিক্ষণ চালুর কথা বলে তিনি ১৮ জন প্রশিক্ষণার্থীর কাছ থেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা নগদ ও বিকাশের মাধ্যমে সংগ্রহ করেন।
ভুক্তভোগীদের অভিযোগ, টাকা হাতিয়ে নেওয়ার পর থেকেই নানা টালবাহানা শুরু করেন রুহুল কুদ্দুস। তিন মাস অতিবাহিত হলেও কোনো প্রশিক্ষণ বা ক্লাস শুরু হয়নি। এ বিষয়ে ভুক্তভোগীরা তার কাছে কৈফিয়ত চাইলে তিনি কোনো সদুত্তর না দিয়ে মোবাইল ফোন বন্ধ করে এলাকা থেকে লাপাত্তা হয়ে যান।
প্রতারণার শিকার শরণখোলার ১৮ জন তরুণ-তরুণীর মধ্যে রয়েছেন— মো. নয়ন, মো. সিয়াম, মো. রাকিব, মো. ইমরান, ইসমাইল তালুকদার, মো. মালেক তালুকদার, মো. নোমান গাজী, হাফসা, মাহফুজা, আ. করিম তালুকদার, জোসনা রানী, অর্চনা, সালমা, মরিয়ম, মিম, জাকারিয়া, হোসাইন মাহমুদ সহ অন্য আরেক জন। স্থানীয়দের আশঙ্কা, এই প্রতারক চক্রের ফাঁদে পড়ে আরও অনেকেই সর্বস্বান্ত হয়েছেন।
এদিকে শুধু প্রশিক্ষণার্থীরাই নন, অফিসের এক সাধারণ কর্মচারী ইসমাইল হোসেনের ৫ মাসের বকেয়া বেতনও আত্মসাৎ করার অভিযোগ রয়েছে রুহুল কুদ্দুসের বিরুদ্ধে। পরবর্তীতে স্থানীয় সংবাদকর্মীদের হস্তক্ষেপে তিন মাসের বেতন পরিশোধ করা হলেও বাকি দুই মাসের বেতন নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে শরণখোলা উপজেলা সমবায় কর্মকর্তা মো. জামিল হোসেন মোল্লা জানান, “সমবায় দপ্তরের নাম ভাঙিয়ে কোনো ব্যক্তি যদি এ ধরনের প্রতারণা করে থাকে, তবে তা অত্যন্ত দুঃখজনক ও শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে দাপ্তরিক ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক জানান, “ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ হাতে পেয়েছি। পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
পরিবারের কষ্টার্জিত অর্থ হারিয়ে সর্বস্বান্ত হওয়া প্রতারিত যুবসমাজ ও সচেতন মহলে এ ঘটনায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী ও ভুক্তভোগীরা অবিলম্বে এই প্রতারক কর্মকর্তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।