শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রমে গতি, ফুলবাড়ীয়ার ইউএনওকে সম্মাননা
শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান ত্বরান্বিত করা, কার্যক্রমে নেতৃত্ব দেওয়া এবং সংশ্লিষ্টদের মধ্যে কার্যকর সমন্বয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
রবিবার(২০ সেপ্টেম্বর)ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ স্বীকৃতি প্রদান করা হয়। জেলা প্রশাসন মোঃ সাইফুর রহমানের উদ্যোগে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব, সমন্বয় ও সক্রিয় অংশগ্রহণের জন্য ফুলবাড়ীয়ার ইউএনওকে এ স্বীকৃতি দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে মাঠপর্যায়ে প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ বলেন, এ স্বীকৃতি আমার একার নয়, এটি ফুলবাড়ীয়া উপজেলার সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। পরিচ্ছন্নতা শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই পরিচ্ছন্নতার চর্চা গড়ে তুলতে হবে। ভবিষ্যতেও সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে পরিচ্ছন্ন ও সুন্দর ফুলবাড়ীয়া গড়ার এ কার্যক্রম আরও জোরদার করা হবে।
এ সময় তিনি পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে সহযোগিতা ও অংশগ্রহণকারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
তাদের মতে, প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা এই প্রত্যয়ে ময়মনসিংহকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকারে “Clean Sunday” কার্যক্রম অব্যাহত থাকবে।

| ৩ অক্টোবর ২০২৬

















