শেরপুরে এভারকেয়ার হাসপাতালে সিজারের সময় প্রসুতির মৃত্যু : ক্ষুব্ধ জনতার হাসপাতালে তালা
শেরপুরে এভারকেয়ার হাসপাতাল নামে একটি প্রাইভেট হাসপাতালে সিজার করার সময় এক প্রসূতির মৃত্যু হয়েছে।
আয়শা আক্তার আশা (২৫) নামে ওই মহিলা সদর উপজেলার কুসুমহাটি এলাকার বাসিন্দা ব্যবসায়ী জাহিদ হাসানের স্ত্রী।
আজ ১৮ অক্টোবর শনিবার বিকেলে শেরপুর নারায়ণপুর এলাকায় অবস্থিত ওই হাসপাতালে গাইনী অবসরপ্রাপ্ত সার্জন ড. লুৎফর রহমান এ অপারেশন পরিচালনা করছিলেন বলে জানিয়েছেন মৃত প্রসূতির আত্মীয়রা। তাদের অভিযোগ ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কাছে গোপন করে সিরিয়াস অবস্থার কথা বলে লাশ এম্বুলেন্সে তুলে দিয়ে সদর হাসপাতালে নেওয়ার কথা বলেন এবং এক পর্যায়ে তাদের হাসপাতালের গেইট বন্ধ করে দেয়।বিষয়টি সন্দেহ হলে পরে রোগীর স্বজনরা দেখতে পায় রোগী মৃত্যু বরন করেছে।
এঘটনায় ক্ষুব্ধ হয়ে ওই মহিলার আত্মীয় স্বজনরা ও স্থানীয় জনতা হাসপাতাল গেইটে তালা লাগিয়ে দীর্ঘ সময় ধরে অবরুদ্ধ করে রাখে।পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার ও সদর থানার ওসি যুবাইদুল আলম অবরুদ্ধ হাসপাতাল পরিদর্শন করেন। এবং তারা সঠিক তদন্ত ও বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনায় শেরপুর সদর থানার ওসি যুবাইদুল আলম জানান এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি পেলে ব্যবস্থা নেওয়া হবে।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















