মেসওয়াকের ফজিলত l হাফেজ মাওলানা মিজানুর রহমান
প্রিয় বন্ধুরা! তোমরা নিশ্চয়ই জানো মেসওয়াক করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বড় একটা সুন্নত। নিয়মিত মুখ পরিস্কার করলে মুখের দুর্গন্ধ দূর হয়, দাঁত ভালো থাকে এবং আল্লাহ তায়ালার রেজামন্দি হাছিল হয়। মেসওয়াক করলে আল্লাহ তায়ালা খুশি হয়ে আমাদের সওয়াব তো দিবেনই। কত সুন্দর বিধান করেছেন রব। নিজের মুখ নিজে পরিস্কার করব আবার সওয়াব ও পাবো, আলহামদুলিল্লাহ।
হজরত রাসূলুল্লাহ (সা.) বেশি বেশি মেসওয়াক করতেন। হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘আমার উম্মতের যদি কষ্ট না হতো, তাহলে আমি প্রতি নামাজের সময় তাদের মেসওয়াক করার আদেশ দিতাম। ‘ –সহিহ বোখারি: ৮৩৮
আরেক হাদিসে প্রত্যেক অজুর সময় উল্লেখ রয়েছে। হজরত রাসূলুল্লাহ (সা.) নিজেও বেশি বেশি মেসওয়াক করতেন, সাহাবায়ে কেরামকেও উৎসাহ দিতেন। হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘মেসওয়াক মুখকে পবিত্র, পরিষ্কার ও পরিচ্ছন্ন করে এবং তা আল্লাহতায়ালার সন্তুষ্টির মাধ্যম। ‘ -মেশকাত: ৩৮১
মেসওয়াকের গুরুত্ব ও ফজিলত বোঝা যায় হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত আরেকটি হাদিস দ্বারা। হজরত রাসূলুল্লাহ (সা.) মৃত্যুর পূর্ব মুহূর্তেও মেসওয়াক করেছেন। -সহিহ বোখারি: ৪০৮৪
নিয়মিত মেসওয়াক করলে আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়। পাকস্থলী ঠিক থাকে ও শরীর শক্তিশালী হয়। স্মরণশক্তি ও জ্ঞান বাড়ে, অন্তর পবিত্র হয়, সৌন্দর্য বাড়ে। ফেরেশতারা তার সঙ্গে মুসাফাহা করেন, নামাজে বের হলে সম্মান করেন, নামাজ আদায় করে বের হলে আরশ বহনকারী ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করেন। শয়তান অসন্তুষ্ট হয়। পুলসিরাত বিজলির ন্যায় দ্রুতগতিতে পার হওয়ার সৌভাগ্য অর্জিত হয় এবং ডান হাতে আমলনামা মেলে ও মৃত্যুর সময় কালেমা নসিব হয়।
বস্তুত মেসওয়াকের দ্বীনী ও পরকালীন উপকারিতার পাশাপাশি এর তাৎক্ষণিক কল্যাণও প্রশ্নাতীত। কারও মুখে যদি দুর্গন্ধ থাকে, তাহলে তার সঙ্গে কথা বলাটাই কষ্টকর হয়ে পড়ে। অথচ অনেক সময় সে বুঝতেই পারে না- তার মুখ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আর সে দুর্গন্ধে অন্যদের কষ্ট হচ্ছে। নিয়মিত যদি কেউ মেসওয়াক করে তাহলে মুখের দুর্গন্ধ থেকে সে নিজে মুক্তি পাবে আর অন্যরা নিষ্কৃতি পাবে তার মুখের দুর্গন্ধজনিত কষ্ট থেকে।
লেখক: সাবেক ইমাম, মসজিদ আল-আনাস রাযি. জিজান, সৌদিআরব।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬


















