নালিতাবাড়ীতে শিশু কন্যাকে ধর্ষনের দায়ে আটক ফেরিওয়ালার বিরুদ্ধে মামলা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ৯ বছর বয়সী ৪র্থ শ্রেণির এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন (৫৫) নামে এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ওই ফেরিওয়ালাকে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে লিখিত অভিযোগ সাপেক্ষে সন্ধ্যায় মামলা গ্রহণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে ভিকটিম কিশোরীকে নিজ ঘরে ধর্ষণ করে অভিযুক্ত ফেরিওয়ালা।
পুলিশ সুত্রে জানাগেছে, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশিকুড়া গ্রামের ইসলাম উদ্দিন প্রায় ২ বছর ধরে বাড়িতে একাই বসবাস করেন এবং ভ্যান গাড়িতে ফেরি করে কসমেটিকস মালামাল বিক্রি করেন। সোমবার সকাল ৯ টার দিকে কসমেটিকস পন্য দেওয়ার কথা বলে নিজ ঘরে ওই কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণ করে ইসলাম উদ্দিন। বাড়ি ফিরে গেলে কিশোরীর রক্তক্ষরণ হয় এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
মায়ের কাছে ঘটনাটি খোলে বললে বিষয়টি জানাজানি হয়। একপর্যায়ে এলাকাবাসী ইসলাম উদ্দিনকে আটক করে কিল-ঘুষি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।
এদিকে গুরুতর অসুস্থ কিশোরীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন।
এলাকার সচেতন মহল এমন ন্যাক্কার জনক ঘটনায় ওই ধর্ষকের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেছেন।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬















