সুন্দরবন থেকে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে আসা চিত্রা হরিণ উদ্ধার
পাথরঘাটা উপজেলার সুন্দরবন সংলগ্ন গাববাড়িয়া গ্রাম থেকে সুন্দরবন থেকে বাঘের তাড়া খেয়ে আসা একটি মায়াবী চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ মে) সকাল ৮ টার দিকে সুন্দরবন থেকে নদী সাঁতরে ওই গ্রামের হারুন ফরাজী বাড়িতে ঢুকে পড়েছিল হরিণটি। খবর পেয়ে বনবিভাগ, ওয়াইল্ড টিম, (ভিটিআরটি) ভিলেজ টাইগার রেস্পন্স টাইগার টিম এবং গ্রামবাসী মিলে হরিণটিকে অক্ষতাবস্থায় উদ্ধার করেন। উদ্ধারকারীদের ধারণা, বাঘের তাড়া খেয়ে হয়তো হরিণটি লোকালয়ে চলে এসেছে।
ওয়াইল্ড টিমের শরণখোলা ফিল্ড ফ্যাসিলিটেটর মো. আলম হাওলাদার জানান, হরিণটি হারুন ফরাজী বাড়ির পুকুর থেকে গ্রামবাসীর সহায়তায় হরিণটি উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।
ধারণা করা হচ্ছে হরিণটি বাঘের তাড়া খেয়ে নদীতে ঝাপ দিয়েছিল।
পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. খলিলুর রহমান জানান, উদ্ধার হওয়া হরিণটির ওজন আনুমানিক ৩০ কেজি। হরিণটির বাঘের তাড়া খেয়ে অথবা দলছুট হয়েও লোকালয়ে চলে যেতে পারে।
এসও খলিলুর রহমান আরো জানান, সুন্দরবনের প্রাণীদের মধ্যে হরিণ তুলনামূলক ভীতু প্রাণী। ওদের সঙ্গে অস্বাভাবিক কিছু ঘটলে হার্ট অ্যাটাকে মারা যাওয়ার ঝুঁকি থাকে। তবে উদ্ধারকারী দলে ওয়াইল্ড টিম এবং ভিটিআরটির প্রশিক্ষিত সদস্যরা থাকায় হরিণটিকে সুস্থ ও স্বাভাবিকভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬


















