অস্ট্রেলিয়ায় খোলা জায়গায় মলত্যাগ করতে গিয়ে ধরা ভারতীয় যুবক
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের প্যারা হিলস এলাকায় রাস্তার পাশে খোলা জায়গায় মলত্যাগ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন এক ভারতীয় যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যেমে ছড়িয়ে পড়তেই রীতিমতো হইচই পড়ে গেছে।
এনডিটিভির এক প্রতিবেদন মতে, ভারতীয় ওই যুবক একটি বাড়ির সামনে খোলা জায়গায় তার প্যান্ট খুলে মলত্যাগ করতে বসেছেন, এমন সময় ট্রেন্ট কার্টার নামে অ্যাডিলেডের এক বাসিন্দা তাকে হাতেনাতে ধরে ফেলেন।
ফেসবুকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, নাটকীয় মুহূর্তে কার্টারকে ভারতীয় ওই যুবককে বলতে শোনা যাচ্ছে, ‘ভাই, আপনি কী করছেন? আপনি কী করছেন?’ যুবক তাড়াতাড়ি দ্রুত প্যান্ট তুলতে তুলতে বলছেন, ‘আপনি কী বলছেন?’
এরপর কার্টার বলেন, ‘আপনি কী করছেন? এটা অস্ট্রেলিয়া। খোলা জায়গায় পায়খানা করবেন না।’ জবাবে ভারতীয় যুবক বলেন, ‘আমি শুধু প্রস্রাব করছি।’ তবে কার্টার বলেন, ‘খোলা জায়গায় প্রস্রাব। আপনার সমস্যাটা কী। আপনি এখানে বসেছেন। আপনি কী এভাবে প্রস্রাব করেন।’
এরপর কার্টার উত্তেজিত হয়ে ভারতীয় যুবককে ‘কুকুর’ বলে ধমক দেন এবং তিনি তার পায়ের কাছে মাটি ছুড়ে মারেন। পরে পুরো ঘটনার একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন কার্টার। ক্যাপশনে লেখেন, ‘এটা (প্রকাশ্যে মলত্যাগ) কি স্বাভাবিক?’
ভিডিওটি দ্রুতই ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। মন্তব্যে একজন লিখেছেন, ‘ওকে তার দেশে ফেরত পাঠাও এই কাজ করার জন্য।’
আরেকজন লিখেছেন, ‘রাস্তায় একটা ঝোপও খুঁজে পায়নি সে। বিরক্তিকর।’ আরেকজনের মন্তব্য, ‘বছরের সেরা ভিডিও।’ আরেকজন লিখেছেন, ‘এই ভিডিওটি দেখে আমি কমপক্ষে ১৫ বার হেসেছি।’
আরেকজনের মন্তব্য এমন, ‘এই লোকগুলো চরম নোংরা, কোনো সম্মান নেই, তারপরও সম্মান চায়। এমন কর্মকাণ্ড তাদের জন্য কোনো সম্মান বয়ে আনবে না।’
অস্ট্রেলিয়ার বেশিরভাগ রাজ্যেই জনসমক্ষে প্রস্রাব বা মলত্যাগ আইনত নিষিদ্ধ। এটি শাস্তিযোগ্য অপরাধ। দক্ষিণ অস্ট্রেলিয়ার যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানে নির্দিষ্ট টয়লেট ছাড়া জনসমক্ষে এমন কাজ করলে সর্বোচ্চ প্রায় ২৫০ ডলার জরিমানা হতে পারে।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬


















