শেরপুরের শ্রীবরদীতে স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন
সরকারি কর্মকর্তা কর্তৃক হুমকি ও অসদাচরণের প্রতিবাদে এবং সুষ্ঠু বিচারের দাবিতে শেরপুরের শ্রীবরদীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ) সকালে শ্রীবরদী শহরের শহীদ মিনার চত্তরে ভুক্তভোগী রোগী রেনু বেগম ও শ্রীবরদী উপজেলাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলামের বিরুদ্ধে অসদাচরণ ও হুমকির অভিযোগ এনে তার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
বিক্ষোভ মিছিলে ব্যবহৃত ব্যানারে স্লোগান হিসেবে লেখা ছিল “জনগণের ট্যাক্সের টাকায়, জনগণকে হুমকি কেন ? জবাব চাই, জবাব চাই”।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রোগী রেনু বেগম ও স্থানীয় এলাকাবাসী অভিযোগ করেন, সরকারি বেতনভুক্ত একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়েও ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম সাধারণ রোগী ও জনগণের সাথে অসদাচরণ এবং হুমকি প্রদর্শন করেছেন। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এসময় স্থানীয় এলাকাবাসীরাও মানববন্ধনে অংশ নেন।

| ১৮ নভেম্বর ২০২৬









