শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১২৭ বোতল ভারতীয় মদ আটক
শেরপুর সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা মূল্যের ১২৭ বোতল ভারতীয় মদ আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ) ব্যাটালিয়নের অধিনায়কের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিজিবির টহল দল বৃহস্পতিবার শেরপুরের শ্রীবর্দী উপজেলার রাজাপাহাড় এবং ঝিনাইগাতী উপজেলার সন্ধাকুড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ১২৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার সিজার মূল্য ১ লাখ ৯০ হাজার ৫০০ টাকা।
৩৯ বিজিবি জানায়, মাদক নির্মূলে বাহিনী সর্বদা জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত রাখা এবং যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করতে বিজিবি সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ বন্ধে এই কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

| ২০ নভেম্বর ২০২৬








