মান্দায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, মা-ছেলেসহ আহত ৩
নওগাঁর মান্দায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের বিজয়পুর এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজনসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৮ মে) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— জয়পুরহাট সদর উপজেলার ধানমন্ডি এলাকার আমিনুল ইসলাম (৩৬), তাঁর মা আকলিমা বেগম (৬২) এবং মাইক্রোবাস চালক আমজাদ হোসেন (৫০)।
স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, অসুস্থ মাকে উন্নত চিকিৎসার জন্য সকালে মাইক্রোবাসযোগে রাজশাহীতে নিয়ে যাচ্ছিলেন আমিনুল ইসলাম। পথে মান্দার বিজয়পুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ফলে মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ ভেতরে থাকা তিনজন গুরুতর আহত হন।
খবর পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দুর্ঘটনার পর ট্রাকটির চালক ও তার সহকারী পালিয়ে যায় বলে জানা গেছে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

| ১৬ সেপ্টেম্বর ২০২৬
















